
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ফারহানা ইয়াসমিনকে প্রকাশ্যে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল রবীবা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় গাজির বিরুদ্ধে। এ ঘটনায় বিক্ষোভ সমাবেশ শেষে ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে শাস্তির আওতায় আনার আল্টিমেটাম দিয়ে ভিসির নিকট স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার রবীবা'র একাডেমিক ভবন-৩ এর সামনে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ পালন করে। এর আগে সোমবার শিক্ষিকাকে গালিগালাজ ও হুমকি প্রদানের ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয় গাজি একাডেমিক ভবন-৩ এ সমাজবিজ্ঞান বিভাগের ক্লাসে যাওয়ার পথে সাধারণ শিক্ষার্থীদের সামনে বিভাগের সিনিয়র লেকচারার ফারহানা ইয়াসমিনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এসময় ঐ শিক্ষিকাকে প্রাননাশের হুমকিও প্রদান করা হয়। এঘটনায় সাধারণ শিক্ষার্থীরা হতবাগ হয়ে পড়ে।
এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত হৃদয় গাজির শাস্তির দাবিতে মঙ্গলবার বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে হৃদয় গাজিকে শাস্তির আওতায় আনার দাবি জানাই।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম হাসান তালুকদার বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহন করা হয়েছে, তবে ভুক্তভোগী শিক্ষিকা কোন অভিযোগ জমা দেননি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)