
সংগীতাঙ্গনের এক সময়ের জনপ্রিয় জুটি ছিলেন ডলি সায়ন্তনী ও রবি চৌধুরী। গান ও মঞ্চে তাদের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিল ভক্তদের আলোচনায়। তবে কয়েক বছর আগে হঠাৎ করেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।
দীর্ঘদিন এই বিচ্ছেদ নিয়ে দুজনই খুব বেশি কিছু বলেননি। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাদের সংসার ভাঙার প্রসঙ্গ তুলে ধরেন। সেখানে তিনি দাবি করেন, বিপ্লব নামের এক গাড়িচালকের কারণে তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল এবং সেই প্রসঙ্গে পরকীয়ার ইঙ্গিতও দেন।
এবার সেই অভিযোগের জবাব দিয়েছেন ডলি সায়ন্তনী। মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, তাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
ডলি লেখেন, সম্প্রতি বিভিন্ন জায়গায় তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে বিভ্রান্তিকর আলোচনা হচ্ছে। তবে তারা ইচ্ছাকৃতভাবে এই বিষয়কে বড় কোনো বিতর্কে রূপ দিতে চান না।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে অযথা জলঘোলা না করার জন্য সবাইকে অনুরোধ করছেন। আইন ও সম্মানের প্রতি আস্থা রেখে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন এই গায়িকা। তার ভাষায়, তাদের নীরবতাকে কেউ যেন দুর্বলতা মনে না করেন।
বিচ্ছেদের প্রসঙ্গে ডলি সায়ন্তনী স্পষ্ট করে বলেন, দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তটি তিনিই নিয়েছিলেন। তিনি জানান, তখনই একটি সংবাদ সম্মেলনে বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছিল। এত বছর পর বিষয়টি নতুন করে বিকৃতভাবে উপস্থাপন করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
সবশেষে পবিত্র রমজান মাসের কথা উল্লেখ করে ডলি সায়ন্তনী সবাইকে সংযম ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান এবং আল্লাহর কাছে সবার জন্য পবিত্রতা ও কল্যাণ কামনা করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)