
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও প্রকল্পবাস্তবায় অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল, “দুর্যোগ প্রস্তুতিতে লড়বে তারুণ্য, গড়বে নিরাপদ বাংলাদেশ”।
এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে অগ্নি নির্বাপন ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে একটি বাস্তবধর্মী মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগা, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত নিরাপদে সরে যাওয়া এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়।
মহড়া অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ এবং স্থানীয় জনগণ।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি গ্রহণের মাধ্যমে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)