সিরাজগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সম্মানীর নামে প্রতারনা করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলো-, বহুড়ার শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), একই থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন (২২)।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দুটি নাম্বারে সিরাজগঞ্জ পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলে তাঁরা শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে ঈদ উপলক্ষে সম্মানী দাবি করে প্রতারনা করতেন। বিষয়টি জানার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড ও একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে অর্থ দাবি ও প্রতারণার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সার্কেলের মো. নাজরান রউফসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)