
মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ মার্চ ) ভোর থেকে সকাল পর্যন্ত জেলার পদ্মা উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি দুপুরে নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার একটি দল সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বিশেষ অভিযান চালায়। এ সময় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহভাজন তিনটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৯১ লাখ ৫০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।
অভিযান শেষে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণু পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। তবে মাইক্রোবাসের চালক ও হেল্পারদের কাছ থেকে মুচলেকা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের মৎস্যসম্পদ রক্ষা ও অবৈধ আহরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)