
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। শুক্রবার (২৭ মার্চ) এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, সিবিএস জানিয়েছে, হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানায়, তাঁদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন। যুদ্ধে এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের বিভিন্ন স্থানেও হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তেল আবিবে ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ভবন ও দোকানপাট। প্রাণ হারিয়েছেন একজন এবং আহত হয়েছেন ৪ জন। পশ্চিম তীরে হেবরনসহ কয়েকটি জায়গার আকাশে দেখা গেছে ইরানের ক্ষেপণাস্ত্র।
ইরানেও অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। পরমাণু স্থাপনার পর শুক্রবার বড় ধরনের হামলা চালানো হয়েছে তেহরানের খোন্দাব পানি গবেষণা কেন্দ্রে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)