
সিরাজগঞ্জের উল্লাপাড়া সদর ইউনিয়নের চালা দক্ষিণপাড়া গ্রামে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এতে একজন নারী গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে কবিরের নেতৃত্বে ১৫–২০ জনের একটি সংঘবদ্ধ দল খোরশেদ আলীর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং জোরপূর্বক জায়গা দখলের চেষ্টা করে।
এ সময় বাড়িতে একা থাকা খোরশেদ আলীর স্ত্রী মাহমুদা খাতুন বাধা দিলে তাকে ব্যাপক মারধর করে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।
ভুক্তভোগীর পরিবার জানায়, আহত মাহমুদাকে হাসপাতালে নেওয়ার সময় হামলাকারীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় আকবর আলী বাদী হয়ে গত ৩১ মার্চ উল্লাপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং তারা এলাকার প্রভাবশালী ও বেপরোয়া প্রকৃতির।
উল্লাপাড়া মডেল থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি দখল ও হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পক্ষে মামলা দায়ের করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)