
জ্বালানি ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রাম বহিঃনোঙ্গরে যৌথ অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম বহিঃনোঙ্গরে অবস্থানরত বিভিন্ন লাইটার জাহাজে জ্বালানি, ভোজ্য তেলসহ খাদ্যদ্রব্য অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে।
এ প্রেক্ষিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পরিবহণ অধিদপ্তর এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সমন্বয়ে বুধবার দুপুর ১২টা থেকে বহিঃনোঙ্গরে বিভিন্ন বাণিজ্যিক ও লাইটার জাহাজে অভিযান শুরু হয়, যা বর্তমানে চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরসহ বহিঃনোঙ্গরে সার্বক্ষণিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
পাশাপাশি বন্দরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘণ্টার বেশি কোনো লাইটার বা কোস্টার জাহাজকে নোঙর এলাকায় অবস্থান করতে না দেওয়া এবং জ্বালানি ও ভোজ্য তেলবাহী জাহাজগুলোকে দ্রুত গন্তব্যে পাঠানো নিশ্চিত করা হচ্ছে।
আইন অমান্যকারী জাহাজের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেও নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়।
কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন,
জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কৃত্রিম সংকট প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)