
সিরাজগঞ্জে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত ১৬ দিনে জেলায় ১০৪ শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও রবিবার হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মালিহা বিনতে মাফুজ (১৭) মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুটির ফুপি উল্লাপাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনী সুইটি জানান, প্রায় ২৫ দিন আগে ঠান্ডা কাশি ও জ¦রে আক্রান্ত হলে শিশুটিকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা অবনতি হলে ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে শিশুটির স্বাস্থ্য পরীক্ষা শেষে হাম সনাক্তক করেন এবং সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। পরে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শিশুটি উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ভয়ানগর গ্রামের মকুল হোসেনের মেয়।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে হামের উপসর্গ নিয়ে ৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। গত ২৮ মার্চ থেকে হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করেন। গত ১৬ দিনে জেলায় ১০৪ শিশু এ রোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ২৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ১৫ জন , খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে ৬ জন, রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ২ জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ১ জন , বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ১ জন, শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ১ জন ও তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ১ জন ভর্তি রয়েছে।
সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমিন বলেন, পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামে আক্রান্তদের জন্য বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)