জয়পুরহাটে জ্বালানি তেল সরবরাহে চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতি । জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা নিশ্চিত করা এবং জনভোগান্তি কমাতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসন। এখন থেকে জেলার সব ফিলিং স্টেশনে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামক একটি মোবাইল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ করা হবে।
রোববার (১২ এপ্রিল-২০২৬) বিকেলে জেলা প্রশাসক মো: আল-মামুন মিয়া সাংবাদিকদের সাথে মতবিনিময় করে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ থেকেই জেলার সব পাম্পে এই ডিজিটাল সিস্টেম চালু হয়েছে।
তিনি বলেন, ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামক অ্যাপটি নওগাঁ জেলা প্রশাসন চালু করেছে। তারা ইতোমধ্যে সুবিধা পেতে শুরু করেছে। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে আটটি জেলার ডিসিদের একটি মিটিং হয়। সেখানে এই অ্যাপ নিয়ে আলোচনা হয়েছে।
জয়পুরহাটের পার্শ্ববর্তী জেলা নওগাঁ ও বগুড়া হয়েছে আমরাও এই অ্যাপটি ব্যবহার করব। সেক্ষেত্রে এ জেলার গ্রাহকরা ওই জেলাগুলোতে গিয়েও তেল নিতে পারবেন উল্লেখ করে তিনি আরও বলেন, একজন গ্রাহক এই অ্যাপ ইনস্টল করে রেজিস্ট্রশন করবেন। তাদের ছবি, এনআইডি লাগবে না। শুধু গাড়ির রেজিস্ট্রেশন নম্বর হলেই হবে। তারা কোন পাম্পে গিয়ে তেল নিবেন, সেটাও উল্লেখ করতে হবে। একজন মোটরসাইকেলে আপতত কয়েকদিন ২শ-৩শ টাকার তেল এবং পরবর্তীতে ৫শ টাকা পর্যন্ত তেল দেওয়া হবে। আর মাইক্রোবাসে ১ হাজার টাকার তেল সরবরাহ করা হবে। তবে একবার তেল নেওয়ার পর পরবর্তীতে তিনি আবার তেল নিয়ে আসলে তার কি:মি: রিডিং দেখা হবে।
সভায় জেলা প্রশাসক আরও বলেন, এখানে শুধুমাত্র বৈধ কাগজপত্র যাদের আছে, তারাই তেল নিতে পারবেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। মানুষের যাতে বিড়ম্বনায় পড়তে না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাইমেনা শারমীন, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল হকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্তরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জয়পুরহাট জেলায় মোট ২০টি ফিলিং স্টেশন (তেল পাম্প) চালু রয়েছে। এর মধ্যে সদরে ৯টি, পাঁচবিবি, কালাই ও আক্কেলপুরে ৩টি করে এবং ক্ষেতলালে ২টি পাম্প রয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)