ইরানের ওপর পূর্ণাঙ্গ নৌ-অবরোধ আরোপ ও তা দীর্ঘ সময় বজায় রাখার জন্য মার্কিন সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন।
তবে অবরোধ চলাকালীন কোনো পক্ষ নিয়ম লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ঠিক কী ধরনের সামরিক ব্যবস্থা নেওয়া হবে বা ‘রুলস অব এনগেজমেন্ট’ কী হবে, সে বিষয়ে ওয়াশিংটন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।
সংশ্লিষ্ট ওই কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই অবরোধ কার্যকর করার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত সৈন্য, যুদ্ধজাহাজ এবং সামরিক সরঞ্জাম বর্তমানে মার্কিন বাহিনীর হাতে রয়েছে। হোয়াইট হাউসের নির্দেশনা অনুযায়ী যতদিন প্রয়োজন, ঠিক ততদিন এই অবরোধ কঠোরভাবে ধরে রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে বলেও তিনি দাবি করেন।
মূলত তেহরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির লক্ষ্যেই পেন্টাগন এমন রণকৌশল সাজিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সম্ভাব্য নৌ-অবরোধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছাল, যা ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)