সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুকুর সংস্কারের সময় একটি প্রাচীন পোড়ামাটির মূর্তির সন্ধান মিলেছে।
রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বারুহাস ইউনিয়নের চৌবাড়ীয়া গ্রামের সোনা দিঘী পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। তবে এটি বিষ্ণু অথবা বৌদ্ধ মূর্তি তা নিশ্চিত হওয়া পায়নি।
স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ সরকার জানান, নিমগাছি সমাজ ভিত্তিক মৎস্য চাষ প্রকল্পের আওতায় চৌবাড়ীয়া গ্রামের উল্লেখিত সোনা দিঘী পুকুরটি সংস্কারের কাজ চলছিল। এক্সাভেটর মেশিন (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় মূর্তির মাথা ও হাতের অংশ বিশেষ উঠে আসে । পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয় তাড়াশ থানার উপ পরিদর্শক দয়াল কুমার ব্যানার্জি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মূর্তিটি উদ্ধার করেন। তিনি জানান, মূর্তিটি পাথরের মনে হলেও পরে পরিষ্কার করে দেখা যায় পোড়ামাটির মূর্তি। তবে কিসের মূর্তি তা তারা নিশ্চিত হোতে পারেনি।
এ প্রসঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. রিফাত উর রহমান বলেন, মূর্তিটির সম্পূর্ণ অবয়ব না থাকায় কিসের মূর্তি তা নিশ্চিত হওয়া যায়নি। অনুমান নির্ভর করে অনেকে বিষ্ণু অথবা বৌদ্ধ মূর্তি বলে মনে করছে। মূর্তিটি কত প্রাচীন হোতে পারে, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ল্যাব টেস্ট ছাড়া তুলনামূলক ভাবে নিশ্চিত কিছু বলা যাবে না।
তবে এর আগে এ অঞ্চল থেকে পাল ও সেন আমলের মূর্তি সহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে। যা বগুড়ার মহাস্থান যাদুঘর, রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ও ঢাকা যাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো হাবিবুর রহমান জানান, উদ্ধারকৃত কালো পোড়ামাটির মূর্তিটি কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। মূর্তিটি থানা হেফাজতে আনতে পুলিশ পাঠানো হয়েছে ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)