প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ৭:৩২ পি.এম
নানার পৈত্রিক বাড়ির ভিটা ওয়ারিশিয়ান দাবিতে নাতীর জোরপূর্বক দখলের অভিযোগ, আহত-২

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী গ্রামে নানার পৈত্রিক বাড়ির ভিটা ওয়ারিশিয়ান দাবিতে নাতীর জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। রবিবার বিকেলে নানার পৈত্রিক বাড়ির ভিটা জোরপূর্বক দখলে নিতে নাতী মোস্তফা ও তার দলবল বাড়ী-ঘরে হামলা চালায়। মোস্তফা ও তার সঙ্গীরা এ সময় মামাতো ভাই শহিদুলের বাড়ীতে হামলা চালিয়ে ঘর-দরজা, আসবাবপত্র ভাংচুর করে। প্রতিরোধ করতে গেলে ২ স্কুল শিক্ষার্থী আহত হয়। এ ঘটনায় মোস্তফা সহ ৫ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আহতরা হলো- উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতি (১৫), তার সহদর একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী আলামিন হোসেন (১২)।
এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ রোজিনা খাতুন অভিযোগ করে বলেন, আমার শ্বশুর জীবিত অবস্থায় তার ভাগিনাদের প্রাপ্ত সম্পত্তি বুঝিয়ে দিয়ে যান। শ্বশুরের মৃত্যুর পর তার পৈতৃক ভিটায় দীর্ঘদিন ধরে আমরা বসবাস করে আসছি। নতুন করে তার ভাগিনা মোস্তফা ওয়ারিশ দাবি করে বিভিন্ন সময় বাড়ী দখলের হুমকি দিয়ে আসছে। রবিবার বিকেলে তার দলবল নিয়ে মোস্তফা তার বসতবাড়ীতে হামলা চালিয়ে ঘর-দরজা ও আসবাবপত্র ভাংচুর করে। হামলাকারীরা এ সময় তার কানে থাকা স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়াও স্কুল পড়ুয়া তার ২ সন্তানকে মারপিট করে আহত করে। তিনি আরও জানান, হামলাকারীদের ভয়ে বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
এ ব্যাপারে অভিযুক্ত মোস্তফা জানান, মায়ের প্রাপ্ত সম্পত্তির অংশ হিসেবে ঐ বাড়ীতেও আমার অংশ রয়েছে। তাতে আমার নির্মানাধীন ঘরও রয়েছে, সেটা আমি দখলে নেওয়ার চেষ্টা করছি।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)