
দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইলস, এসএমএস তালিকা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ও ব্যাংক তথ্য অবৈধভাবে সংগ্রহ ও অর্থের বিনিময়ে বিক্রির অভিযোগে এক অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।
বৃহস্পতিবার (৭ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীস খান গণমাধ্যমকে এ বিষয় অবগত করেন।
গ্রেফতার মো. আরমান হোসেন (২২) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর রহিমপুর গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছাত্র।
সিআইডি জানায়, ২০২৫ সালের ৯ অক্টোবর সাইবার মনিটরিং সেলের নিয়মিত অনলাইন পর্যবেক্ষণের সময় ‘Siam Howlader’ নামের একটি ফেসবুক আইডিতে দেশের নাগরিকদের সংবেদনশীল তথ্য বিক্রির বিজ্ঞাপন নজরে আসে। সেখানে এনআইডির পূর্ণাঙ্গ তথ্য, এসএমএস তালিকা, বিকাশ-রকেট-নগদসহ বিভিন্ন এমএফএস অ্যাকাউন্ট, ব্যাংক তথ্য এবং মামলা সংক্রান্ত তথ্য অর্থের বিনিময়ে বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। তদন্তের একপর্যায়ে গত ১৩ অক্টোবর লক্ষ্মীপুরের কমলনগর এলাকা থেকে মো. সিয়াম হাওলাদারকে (২৩) গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। তার ব্যবহৃত স্মার্টফোনে ‘সব এখানে’ (Sob Akhane) নামের একটি অ্যাপ পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম স্বীকার করেন, ‘সব এখানে’ নামের অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ ও বিক্রি করা হতো। এ ঘটনায় ১৪ অক্টোবর পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়।
পরে সিয়ামের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনার কয়রা এলাকা থেকে চক্রের অন্যতম অ্যাডমিন মো. আল আমিনকে গ্রেফতার করা হয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি জানান, পুরো সিস্টেম ও অ্যাপটি তৈরি করেছে এক দক্ষ প্রোগ্রামার।
এরই ধারাবাহিকতায় গত ৫ মে ২০২৬ ডিএমপির ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকায় অভিযান চালিয়ে অ্যাপ ও ওয়েবসাইট ডেভেলপার আরমান হোসেনকে গ্রেফতার করে সিআইডি। এসময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, ছয়টি সিমকার্ড, যার মধ্যে তিনটি বিকাশ মার্চেন্ট সিম এবং একটি ল্যাপটপ জব্দ করা হয়।
সিআইডির দাবি, আরমান হোসেন অত্যন্ত দক্ষ প্রোগ্রামার। তিনি sobakhane.xyz, sobakhane.online ও sobakhane.info নামের ওয়েবসাইট তৈরি করেন এবং পরে ‘সব এখানে’ অ্যাপ ডেভেলপ করেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে চক্রটি এনআইডির পূর্ণাঙ্গ তথ্য, কল ও এসএমএস তালিকা, বিকাশ-রকেট-নগদসহ বিভিন্ন আর্থিক তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং মামলা সংক্রান্ত তথ্য বিক্রি করতো।
তদন্তে আরও জানা গেছে, এসব তথ্য বিভিন্ন গোপন ডাটাবেজ থেকে অবৈধভাবে সংগ্রহ করা হতো। এ ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে বলে ধারণা করছে সিআইডি। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে আসামিদের হোয়াটসঅ্যাপ যোগাযোগের তথ্যও পাওয়া গেছে।
গ্রেফতার আরমান হোসেনকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। মামলার পূর্ণ রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)