
দুই বারের সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা-এর জন্য সরকারি উদ্যোগে নির্মাণাধীন বাড়ির কাজ দীর্ঘসূত্রতায় আটকে থাকায় বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে সরাসরি হস্তক্ষেপ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো.আমিনুল হক।
বর্তমানে সরকারি সফরে তুরস্কে অবস্থান করলেও বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তিনি সেখান থেকেই একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রাঙামাটিতে পাঠান।
প্রতিনিধি দলে ছিলেন প্রতিমন্ত্রীর প্রেস সচিব এস এম আশরাফ এবং জাতীয় ক্রীড়া পরিষদের একজন কর্মকর্তা। তারা সরেজমিনে ঋতুপর্ণা চাকমার পরিবারকে পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করেন।
প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফি জানান, বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও জমি বন্দোবস্ত সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি এখনো বাস্তবায়ন শুরু করা সম্ভব হয়নি।
এর আগে ২০২৫ সালের মার্চ মাসে ঋতুপর্ণা চাকমাকে ১২ শতক খাসজমি বরাদ্দ দেওয়া হলেও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় এখনো জমির দখল হস্তান্তর হয়নি বলে জানা গেছে।
পরিদর্শন শেষে প্রতিনিধি দল জানায়, প্রাপ্ত তথ্য ও বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন দ্রুত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে, যাতে দ্রুত সময়ের মধ্যে ঋতুপর্ণা চাকমার জন্য নির্ধারিত সরকারি বাড়ির নির্মাণ কাজ শুরু করা যায়।
প্রতিমন্ত্রীর এই উদ্যোগে ঋতুপর্ণা চাকমার পরিবারে নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)