
অনলাইন জুয়ার সাথে জড়িত ১১৬ টি ওয়েবসাইট শনাক্ত করে ডাউন করাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)'তে তালিকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিআইডি।
রবিবার (১৬ মে) রাজধানীর মালিবাগ সিআইডি হেডকোয়ার্টার্সে আয়োজিত অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে বিদেশে কোটি টাকা পাচারকারী চক্রের ৮ সদস্য গ্রেফতার সংক্রান্ত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানান সিআইডি পুলিশের অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদ।
মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, অপরাধ তদন্ত বিভাগ সিআইডি-এর সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট অনলাইন জুয়া প্রতিরোধে নিয়মিত সাইবার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি বলেন, চলতি মাসের (১ তারিখ হতে) আজ পর্যন্ত পরিচালিত সাইবার পেট্রোলিংয়ে সিআইডি কর্তৃক জুয়ার সাথে জড়িত ওয়েবসাইট শনাক্ত করে ডাউন করার জন্য বিটিআরসিতে ১১৬ টি ওয়েবসাইটের তথ্য দেওয়া হয়েছে।
এছাড়াও অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইইউতে প্রেরিত এমএফএস ৮৭৯ টি হিসাবের সংখ্যা ও অবৈধ লেনদেনের সাথে সংশ্লিষ্ট বিএফআইইউতে প্রেরিত ৪৩টি ব্যাংক হিসাব শনাক্তের কথা জানান তিনি।
অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কার্যক্রম প্রতিরোধে সিআইডির এ ধরনের সাইবার মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচারিত হচ্ছে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)