
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সারা দেশের নদীপথে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নৌ পুলিশ। নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম এর দিকনির্দেশনায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাট ও নৌপথে টহল জোরদার করা হয়েছে।
নৌ পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, টাঙ্গাইল, সিলেট ও কিশোরগঞ্জ এবং দক্ষিণ বিভাগের চাঁদপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রাম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌঘাটগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সদরঘাট, পাটুরিয়া, দৌলতদিয়া, শিমুলিয়া, কাজিরহাট ও আরিচা ঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে কন্ট্রোল রুম স্থাপন করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নৌ পুলিশের তথ্যমতে, দেশের বিভিন্ন অঞ্চলের আওতাধীন ১৭০টি ডিউটি পোস্টে মোট ১ হাজার ১৪৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তারা ২৪ ঘণ্টা পালাক্রমে দায়িত্ব পালন করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছেন।
যাত্রীসেবার অংশ হিসেবে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, জলযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট নিশ্চিতকরণ এবং অতিরিক্ত যাত্রী পরিবহন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি অসুস্থ যাত্রীদের সহায়তা প্রদান এবং হকার ও মলম পার্টির দৌরাত্ম্য প্রতিরোধেও বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এদিকে কোরবানির পশুবাহী জলযানে হয়রানি ও চাঁদাবাজি প্রতিরোধে আঞ্চলিক পুলিশ সুপারদের নেতৃত্বে নৌপথে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নৌ পুলিশের এই বিশেষ নিরাপত্তা ডিউটি ২২ মে থেকে শুরু হয়ে আগামী ২ জুন পর্যন্ত চলবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)