
মোংলা নদী পারাপারে দীর্ঘদিন ধরে চলমান জনদুর্ভোগ, বিশেষ করে মোংলা ইপিজেডসহ আশপাশের শিল্পাঞ্চলের শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত সমস্যার সমাধানে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালুর উদ্যোগে নতুন অগ্রগতি এসেছে।
সম্প্রতি এলাকাবাসীর মানববন্ধন ও জনদাবির পর মোংলা নদীর দুই পারে পন্টুন স্থাপন এবং বিরতিহীন ফেরি চলাচল চালুর কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২৪ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি বাগেরহাট জেলা প্রশাসক, বিআইডব্লিউটিএ’র বিভাগীয় কর্মকর্তা এবং মোংলা উপজেলা এলজিইডি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয় করছেন।
তিনি বলেন, মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি চালু করতে ইতোমধ্যে নদী খনন কাজ শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই নিরবচ্ছিন্ন ফেরি চলাচল শুরু হতে পারে। এতে মোংলা ইপিজেডসহ আশপাশের এলাকার শ্রমিক ও সাধারণ মানুষের যাতায়াতে বড় ধরনের স্বস্তি আসবে।
প্রতিমন্ত্রী আরও জানান, নদীর নাব্যতা সংকট বিবেচনায় রেখে উপযুক্ত ফেরি সংগ্রহের কাজ চলমান রয়েছে। পাশাপাশি নতুন পন্টুন স্থাপন, ড্রেজিং, নদীর চরিত্র রক্ষা এবং ভাঙন প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে।
তিনি জানান, মোংলা পৌরসভার পক্ষ থেকে বিআইডব্লিউটিএকে অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করা হয়েছে এবং গঠিত তদারকি কমিটিও ইতোমধ্যে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেছে।
এছাড়া মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনাও বাস্তবায়নের পথে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সীমিত ফেরি চলাচল ও অবকাঠামোগত সমস্যার কারণে মোংলা ইপিজেড, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ যাত্রীদের যাতায়াতে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়। এরই প্রতিবাদে এলাকাবাসী সম্প্রতি মানববন্ধন ও সমাবেশ করেন। সেই জনদাবির পরই ফেরি ব্যবস্থায় দ্রুত অগ্রগতি দেখা যাচ্ছে।
সবশেষে তিনি আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে তিনি জনদুর্ভোগ কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)