প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১০:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৮ পি.এম
কামারখন্দে হুড়াসাগর নদীর স্বাভাবিক প্রবাহে বাধা, বৃদ্ধের এক মাসের কারাদণ্ড

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার হুড়াসাগর নদীতে বাঁশের তৈরি বানা স্থাপন করে নদীর স্বাভাবিক প্রবাহ এবং মাছসহ জলজ প্রাণীর অবাধ চলাচল ও প্রজননে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় শামছুল সরকার (৬৫) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাজীপুরা গ্রামে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। দণ্ডপ্রাপ্ত শামছুল সরকার ওই গ্রামের মৃত আব্দুর রহমান সরকারের ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায় জানান, হুড়াসাগর নদীতে অবৈধভাবে বাঁশের বানা স্থাপন করে নদীর স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছিল। এতে মাছসহ বিভিন্ন জলজ প্রাণীর স্বাভাবিক চলাচল ও প্রজনন ব্যাহত হচ্ছিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শামছুল সরকারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, নদী ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)