
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মোবাইল ফোন চুরির ঘটনায় এক যুবককে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।
শুক্রবার (১৯ জুন) ভোরে হাসপাতাল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক যুবকের নাম জুবায়ের আহমেদ (২৫)। ভুক্তভোগী মো. হারুন অর রশিদ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি হাসপাতালের ৯ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২০ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান
তিনি জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে হারুন অর রশিদ ঘুমিয়ে থাকা অবস্থায় তার বেড থেকে মোবাইল ফোনটি নিয়ে পালানোর চেষ্টা করেন জুবায়ের। মোবাইল ফোন টান দেওয়ার সময় তার ঘুম ভেঙে গেলে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে হাসপাতালের দায়িত্বরত আনসার ইনচার্জ পিসি মো. আমিনুল হককে অবহিত করেন।
খবর পেয়ে আনসার সদস্যরা দ্রুত তৎপর হয়ে ওঠেন। পিসি আমিনুল হকের নেতৃত্বে একটি টহল দল হাসপাতালের বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথে সতর্কতা জোরদার করে এবং অভিযান চালায়। একপর্যায়ে পালানোর সময় জুবায়েরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
অভিযানে এপিসি জহিরুল ইসলাম, আনসার সদস্য মো. হাবিবুর রহমান এবং শ্রী পবিত্র চন্দ্র অংশ নেন।
ঘটনার পর ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, হাসপাতালসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)