
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক আনসার সদস্যের সততা ও দায়িত্বশীলতার কারণে হারিয়ে যাওয়া একটি মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মানিব্যাগে থাকা বৈদেশিক মুদ্রা, চারটি ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
রবিবার (২১ জুন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামানের পাঠানো সংবাদ এ তথ্য জানান
তিনি বলেন,শনিবার (২০ জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বিমানবন্দরের হেভি লাগেজ গেইট-০১ এলাকায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মো. ইমান হোসেন স্ক্যানার মেশিনের নিচে একটি পরিত্যক্ত মানিব্যাগ দেখতে পান। পরে তিনি সেটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে স্ক্যানার অপারেটরের হেফাজতে সংরক্ষণ করেন।
এদিকে, যুক্তরাষ্ট্রগামী যাত্রী মো. হৃদয় মিয়া ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার পর তার মানিব্যাগটি খুঁজে না পেয়ে বিষয়টি এভিয়েশন সিকিউরিটি (এভসেক) কন্ট্রোল রুমকে জানান। পরবর্তীতে কন্ট্রোল রুমের মাধ্যমে সংশ্লিষ্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হলে মানিব্যাগটি নিরাপদে সংরক্ষিত রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
পরে শিফট ইনচার্জ পিসি মো. মোখলেছুর রহমান, এপিসি মো. রাশেদুল ইসলাম এবং আনসার সদস্য মো. ইমান হোসেন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও প্রমাণ যাচাই শেষে মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেন।
হারানো মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মো. হৃদয় মিয়া সংশ্লিষ্ট আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাদের সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রশংসা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকায় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিমানবন্দরের এ ঘটনাও বাহিনীর মানবিক মূল্যবোধ, সততা এবং জনসেবার প্রতি অঙ্গীকারের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)