রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার এলাকায় বাংলা টিফিন ও বঙ্গভোজ নামে দুটি রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানায় মামলাগুলো করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বাংলা টিফিন রেস্তোরাঁয় খাবারের পার্সেল সরবরাহে দেরি হওয়াকে কেন্দ্র করে রমজান আলী নামে এক ব্যক্তির সঙ্গে কর্মচারীদের কথা কাটাকাটি হয়। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর ২৫ থেকে ৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রেস্তোরাঁটিতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাংলা টিফিনে ব্যাপক ভাঙচুর চালায় এবং একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করেও বোমা নিক্ষেপ করা হয়। এতে কনস্টেবল ফয়েজ উদ্দিনসহ তিন পুলিশ সদস্য আহত হন। এছাড়া রেস্তোরাঁর তিন কর্মচারীও আহত হন।
পরে হামলাকারীরা একই মালিকানাধীন মণ্ডলের মোড় এলাকার বঙ্গভোজ রেস্তোরাঁয় গিয়েও হামলা ও ভাঙচুর চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। রেস্তোরাঁ মালিকপক্ষের দাবি, হামলায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মামলার বাদী রেস্তোরাঁ দুটির মালিক মুর্শেদ শাকিল এবং আহত পুলিশ কনস্টেবল ফয়েজ উদ্দিন। দুটি মামলাতেই বিনোদপুর বাজারসংলগ্ন ধরমপুর-খোজাপুর এলাকার বাসিন্দা সাবেক শিবির নেতা রমজান আলীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া প্রতিটি মামলায় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর জানান, হামলার ঘটনায় ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে রেস্তোরাঁ মালিক মুর্শেদ শাকিল অভিযোগ করেছেন, ঘটনার পরদিন সকালে মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি তার কর্মচারীদের হুমকি দিয়েছে। মামলা প্রত্যাহার না করলে ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
অভিযুক্ত রমজান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ থাকার দাবি করলেও সেসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)