জয়পুরহাটে বন্দনা রানী হত্যার অভিযোগে রাজ কুমার আটক। জয়পুরহাটে পারিবারিক কলহে বন্দনা রানী (২৬) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় নিহতের স্বামী রাজ কুমারকে (৩৫) কে আটক করেছেন পুলিশ।
রোববার (২৮ জুন-২০২৬) ভোররাতে জেরার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের দুর্গাদহ ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই স্বামী রাজ কুমার একাধিক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ ও ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরি জেরে রোববার ভোররাতে বন্দনাকে পিটিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন স্বজনরা।
নিহত গৃহবধূর বোন স্বাধনা অভিযোগ করে বলেন, ‘আমার ভগ্নিপতির একাধিক পরকীয়া সম্পর্ক ছিল। এর প্রতিবাদ করায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। পরকীয়ার জেরেই আমার বোনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’
তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজকুমারের বাবা বাবুল। তিনি বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হয়েছে ঠিকই, তবে তাকে হত্যা করা হয়নি। সে রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।’
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এবং নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে স্বামী রাজকুমারকে আটক করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)