
সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (৩০ জুন) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের মিস্ত্রি পাড়া ঘাট থেকে ‘এফবি সামিহা’ নামের একটি ফিশিং বোটে ১০ জন জেলে গত ২৫ জুন মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে যান। সোমবার সকাল ৯টার দিকে সেন্ট মার্টিনের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।
দুপুর ১টার দিকে বোটে থাকা একজন মাঝি মোবাইল ফোনে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীতে যোগাযোগ করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। অভিযানে বিকল ফিশিং বোটসহ ১০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়। পরে উদ্ধার হওয়া জেলে ও ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, দেশের সমুদ্র উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জরুরি উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)