২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধনের জন্য নিবন্ধন প্রক্রিয়ায় হজযাত্রীদের যেসব তথ্য ও কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক, সেই বিষয়ে নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১ জুলাই) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
পত্রে হজে যেতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে বলা হয়েছে, হজযাত্রার প্রথম ধাপ হলো প্রাক-নিবন্ধন। এ সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা বাংলাদেশি পাসপোর্ট কিংবা জন্মসনদ, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর এবং ব্যাংক হিসাব নম্বর প্রদান করতে হবে। একই পরিবারের একাধিক ব্যক্তি চাইলে একটি ব্যাংক হিসাব ব্যবহার করতে পারবেন।
মন্ত্রণালয় জানিয়েছে, হজের আর্থিক লেনদেন নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে সরকারি ও বেসরকারি- উভয় মাধ্যমে হজে যেতে ইচ্ছুকদের জন্য ব্যাংক হিসাব থাকা বাধ্যতামূলক। এছাড়া যারা আগে প্রাক-নিবন্ধনের সময় ব্যাংক হিসাবের তথ্য দেননি, তাদের নিবন্ধনের সময় অবশ্যই সেই তথ্য জমা দিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজ নিবন্ধন সম্পন্ন করতে হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)