
বিশ্বকাপে আরেকটি হতাশাজনক বিদায়ের পরও আশা হারাচ্ছেন না ভিনিসিউস জুনিয়র। নরওয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
নিউ ইয়র্কে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। অন্যদিকে, দুটি পেনাল্টি পেলেও একটি থেকেই গোল আদায় করতে পারে ব্রাজিল। স্পট কিক থেকে দলের একমাত্র গোলটি করেন নেইমার।
২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর থেকে প্রতিবারই নকআউট পর্বে ইউরোপীয় কোনো দলের কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। এবারও সেই হতাশার পুনরাবৃত্তি হলো। ক্লাব ফুটবলে সফল কোচ কার্লো আনচেলত্তি এবং প্রতিভাবান স্কোয়াড নিয়েও প্রত্যাশা পূরণ করতে পারেনি সেলেসাওরা।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভিনিসিউস হতাশা লুকাননি। তবে একই সঙ্গে ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছেন।
ভিনিসিউস বলেন,‘বিদায় মেনে নেওয়া সবসময়ই কঠিন। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া খুবই কষ্টের। এই মুহূর্তে আমার খুব বেশি কিছু বলার নেই।’
নিজেদের পারফরম্যান্সের সমালোচনা করে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলেন,‘ম্যাচ যেভাবে এগিয়েছে, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছিলেন, সেই সমর্থকদের কাছে আমরা দুঃখিত।’
সমর্থকদের উদ্দেশে আশার বার্তা দিয়ে তিনি যোগ করেন,‘আমি থামব না। ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাব।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)