
ভোলায় স্থানীয় জনগণের সহায়তায় বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার (৫৫) এবং তার তিন সহযোগীকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটককৃতরা হলেন, ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামের মো. ফিরোজ জমাদ্দার, একই উপজেলার চরপাতা ইউনিয়নের কাজীরহাট গ্রামের মো. ফয়সাল, মো. ইব্রাহীম ও সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো. কামাল।
তিনি বলেন, ভোলা সদর থানার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়রা ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে আটক করে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করে।
খবর পেয়ে রবিবার দুপুর ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়।
পরে স্থানীয়দের সহায়তায় আটক চারজনকে হেফাজতে নেওয়া হয়। উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)