
বিশ্বকাপ ফাইনালের আগে অপ্রত্যাশিত এক সমস্যার মুখে পড়েছে আর্জেন্টিনা। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে নিউজার্সিতে পৌঁছাতে পারেনি লিওনেল মেসিদের বহর। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দলের শেষ মুহূর্তের প্রস্তুতিতে কিছুটা পরিবর্তন আনতে হয়েছে।
রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগে বৃহস্পতিবার রাতে কানসাস সিটি থেকে নিউইয়র্ক অঞ্চলের উদ্দেশে যাত্রা করার কথা ছিল দলের। তবে আটলান্টা অঞ্চলে বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট বিলম্বিত হয়। এতে নির্ধারিত সময়ের অনেক পরে, মধ্যরাতে নিউজার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল।
ফাইনালের আগে প্রতিটি ঘণ্টাই গুরুত্বপূর্ণ। বিশ্রাম, অনুশীলন এবং কৌশল চূড়ান্ত করার পরিকল্পনায় তাই কিছুটা পরিবর্তন আনতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে।
এবারের ফাইনালে আর্জেন্টিনার সামনে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বসেরার মুকুট জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।
ফিফাও ফাইনালের আগে দুই দলের সূচিতে কিছু পরিবর্তন এনেছে। শুক্রবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলন ও সংবাদ সম্মেলন থাকলেও শনিবার আর্জেন্টিনা ও স্পেন—দুই দলই বন্ধ দরজার অনুশীলন করবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)