
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে এবং রেস (জঅঈঊ) প্রকল্পের আওতায় হিট অ্যাকশন ডে-২০২৬ উপলক্ষে বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে তাপপ্রবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত বিভিন্ন কর্মসূচির বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন। পরে তিনি বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপপ্রবাহের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই শিক্ষার্থীসহ সকল নাগরিককে তীব্র গরমে করণীয় সম্পর্কে সচেতন হতে হবে। তিনি পর্যাপ্ত নিরাপদ পানি পান, অস্বাস্থ্যকর পানীয় পরিহার, বাইরে বের হলে ছাতা বা টুপি ব্যবহার, ভরদুপুরে অপ্রয়োজনে বাইরে না যাওয়া, হালকা রঙের সুতির পোশাক পরিধান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন।
তিনি আরও বলেন, সবুজ ও পরিচ্ছন্ন রাজশাহী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্যোগ সফল করতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে রেস প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে তাপপ্রবাহ বিষয়ে সচেতনতামূলক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাপ-লুডু খেলার আয়োজন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা (ফার্স্ট এইড) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এবং সচেতনতামূলক বার্তা সম্বলিত হাতপাখা বিতরণ করা হয়। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়কে একটি ফার্স্ট এইড বক্সও প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মোঃ শামীম হোসেন চৌধুরী, ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, ফিল্ড অফিসার কান্তা রেজা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)