
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সেল অ্যান্ড জিন ক্লাবের উদ্যোগে “ফার্মাসিউটিক্যাল শিল্পে চাকরির সুযোগ ও প্রস্তুতি” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ তারিখে আয়োজিত এ সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস কেমিক্যাল ওয়ার্কস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার এবং ফার্মাসিউটিক্যাল শিল্প বিশেষজ্ঞ জনাব ইশতিয়াক মারুফ। তিনি ফার্মাসিউটিক্যাল শিল্পে বিদ্যমান বিভিন্ন কর্মক্ষেত্র, নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা, জীবনবৃত্তান্ত প্রস্তুতকরণ এবং চাকরির সাক্ষাৎকারে সফল হওয়ার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. তরিকুল ইসলাম, স্কুল অব বায়োমেডিক্যাল অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. ফজলে রাব্বী শাকিল আহমেদ, অধ্যাপক ড. রণজিৎ কুমার সাহা এবং অধ্যাপক ইমেরিটাস ড. হোসেন রেজা। এ ছাড়া বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ এবং ফার্মেসি বিভাগের প্রায় ১১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা ফার্মাসিউটিক্যাল শিল্পে চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত দক্ষতা উন্নয়ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। মূল বক্তা শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।
আয়োজকেরা জানান, এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনারটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও আত্মবিশ্বাসী, সচেতন ও প্রস্তুত হতে উৎসাহিত করেছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)