
রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতাল থেকে চুরি হওয়া প্রায় তিন লাখ টাকা মূল্যের সরকারি ঔষধসহ নাছিম (২১) নামের একজনকে আটক করেছে আনসার সদস্যরা।
শুক্রবার (৩১ জুলাই) সকালে আনসার ও ভিডিপি সদর দফতরের (গণসংযোগ শাখা) সার্কেল অ্যাডজুটেন্ট মো. শহিদুজ্জামান রাজু এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ২টায় রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের দ্বিতীয় তলায় দায়িত্বরত আনসার সদস্য মো. আব্দুল হাদি মেডিসিন স্টোরের সামনে নাছিম (২১) নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিষয়টি দ্রুত ক্যাম্প ইনচার্জ পিসি মো. খাইরুল ইসলামকে জানান। খবর পেয়ে মো. খাইরুল ইসলাম টহলরত এপিসি মো. হামিদুর রহমানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিকে তার সঙ্গে থাকা একটি লাগেজ ও তিনটি ব্যাগসহ আটক করা হয়।
শহিদুজ্জামান রাজু বলেন, পরবর্তীতে লাগেজ ও ব্যাগগুলো তল্লাশি করে হাসপাতালের প্রায় ৫০০ বক্স সরকারি ঔষধ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। এছাড়া তার কাছ থেকে তিনটি স্মার্টফোন এবং তিনটি পরিচয়পত্র (আইডি কার্ড) জব্দ করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাকে পুলিশের নিকট সোপর্দ করা হয়।
তিনি বলেন, সরকারি হাসপাতালসমূহে নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি সম্পদ সুরক্ষা এবং অপরাধ প্রতিরোধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আসছেন। সরকারি ঔষধ উদ্ধার ও চোর আটকের এ ঘটনাটি সরকারি সম্পদ সুরক্ষায় তাদের কার্যকর ভূমিকা এবং পেশাদারিত্বের আরেকটি উদাহরণ।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)