
রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা জেলার কেরানীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা তৈরির দুটি কারখানার সন্ধান পেয়েছে র্যাব-২। এ সময় গ্রেফতার হয়েছেন দুজন, তারা হলেন- ইয়াবা ডিলার ফয়সাল ইসলাম মিঠু (৪২) ও কারখানার মালিক ও ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছির (৪৫)।
এ সময় জব্দ করা হয় ইয়াবা তৈরির দুটি মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ৩১ হাজার ২৭২ পিস ইয়াবা।
র্যাব জানায়, গ্রেফতার কেমিস্ট নাছির গত প্রায় ১০ বছর ধরে চট্রগ্রাম থেকে কাঁচামাল এনে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবা তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই ইয়াবা প্রস্তুত করতেন এবং দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র্যাব-২ বলেন, গত ২ আগস্ট মোহাম্মদপুর থানার বসিলা হাউজিং এলাকায় এক ব্যক্তি মোটরসাইকেলে করে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহনের প্রস্তুতি নিচ্ছেন। পরে অভিযান চালিয়ে ফয়সাল ইসলাম মিঠু নামে এক ইয়াবা ডিলারকে তার মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ হাজার ৭৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে ফয়সালের তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় র্যাব। সেখানে একটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী কেরানীগঞ্জের মদিনা মার্কেট এলাকায় আরেকটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব। সেখানে কারখানার মালিক ও ইয়াবা প্রস্তুতকারী কেমিস্ট নাছিরকে গ্রেফতার করা হয়।
এ সময় একটি ইয়াবা তৈরির মেশিন, ১৭ কেজি ইয়াবা তৈরির কাঁচামাল এবং ১৯ হাজার ৫২০ পিস ইয়াবা জব্দ করা হয়।
অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান আরও বলেন , নাছির গত প্রায় ১০ বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের দোকানের আড়ালে ইয়াবা তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই ইয়াবা প্রস্তুত করতেন এবং দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতেন। চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। আর ফয়সাল ওই কারখানায় উৎপাদিত ইয়াবা বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন।
গ্রেফতার ফয়সাল ইসলাম মিঠুর বিরুদ্ধে রাজধানীর গুলশান, তেজগাঁও, ডেমরা ও মোহাম্মদপুর থানায় চারটি মামলা রয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)