রাজধানীর খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ওয়াকিটকি সেটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
সোমবার রাজধানীর মালিবাগ ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) মো. মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের সহযোগী ও মাদক কারবারি হিসেবে পরিচিত মো. স্বাধীন আহমেদ রনি (৩৫) মালিবাগ এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে র্যাব। পরে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, অভিযানে রনির কাছ থেকে একটি কুড়াল, একটি চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট এবং দুটি ওয়াকিটকি চার্জার জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের আরও দুই সহযোগী মো. সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো. মেহেদী হাসানকে (২৪) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের হয়ে খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখতেন এবং নির্মাণাধীন ভবনের মালিক ও ঠিকাদারদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করতেন বলে জানিয়েছে র্যাব।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)