হোয়াটসঅ্যাপে আসছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠানো অফার, ডেলিভারি আপডেট, ব্যাংকিং নোটিফিকেশন ও অন্যান্য ব্যবসায়িক বার্তা স্বয়ংক্রিয়ভাবে একটি আলাদা ফোল্ডারে সংরক্ষিত হবে। এর ফলে ব্যক্তিগত চ্যাট এবং বাণিজ্যিক বার্তা আলাদা করে দেখা সহজ হবে।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেটা বর্তমানে ‘অফার অ্যান্ড আপডেটস’ নামে এ ফিচারটি সীমিত পরিসরে পরীক্ষা করছে। প্রাথমিকভাবে এটি বড় ব্যবসায়িক অ্যাকাউন্টগুলোর জন্য চালু হবে।
যেসব বার্তা আলাদা ফোল্ডারে যাবে
নতুন ফিচার চালু হলে অনলাইন অর্ডারের ডেলিভারি আপডেট, ব্যাংক ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের নোটিফিকেশন, প্রচারমূলক অফার, কুপন, ক্যাশব্যাক তথ্য এবং বুকিং বা অর্ডারের স্ট্যাটাস–সংক্রান্ত বার্তা ‘অফার অ্যান্ড আপডেটস’ ফোল্ডারে চলে যাবে। এতে মূল চ্যাট তালিকা আরও পরিচ্ছন্ন থাকবে এবং ব্যক্তিগত কথোপকথন সহজে খুঁজে পাওয়া যাবে।
বড় প্রতিষ্ঠানের জন্য শুরু
প্রতিবেদন অনুযায়ী, প্রথম পর্যায়ে ব্যাংক, বিমান সংস্থা, ই-কমার্স প্রতিষ্ঠান, বড় খুচরা বিক্রেতা ও অন্যান্য বড় করপোরেট প্রতিষ্ঠানের পাঠানো বার্তার ক্ষেত্রে এ ফিচার কার্যকর হবে। বার্তাগুলো প্রথমে মূল চ্যাট তালিকায় দেখা গেলেও নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে আলাদা ফোল্ডারে স্থানান্তর করা হবে। বর্তমানে কত সময় পর বার্তা সরানো হবে, তা পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে।
ব্যবহারকারীর নিয়ন্ত্রণ থাকবে
মেটা জানিয়েছে, এ ফিচার বাধ্যতামূলক হবে না। ব্যবহারকারীরা চাইলে এটি বন্ধ রাখতে পারবেন। সেক্ষেত্রে ব্যবসায়িক বার্তাগুলো আগের মতোই মূল চ্যাট তালিকায় থাকবে। তবে বার্তা কত সময় পর আলাদা ফোল্ডারে যাবে, সেটি ব্যবহারকারীরা নির্ধারণ করতে পারবেন না।
ছোট ব্যবসার জন্য নয়
প্রথম ধাপে এ সুবিধা শুধু বড় হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর জন্য চালু হবে। স্থানীয় দোকান, ছোট ব্যবসায়ী বা সাধারণ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ ব্যবহারকারীরা আপাতত এর আওতায় থাকবেন না। ভবিষ্যতে পরীক্ষায় সফল হলে ছোট ব্যবসার জন্যও ফিচারটি চালু হতে পারে।
কেন আসছে এই পরিবর্তন
সাম্প্রতিক বছরগুলোতে হোয়াটসঅ্যাপ শুধু ব্যক্তিগত যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যবসা, অনলাইন কেনাকাটা, ব্যাংকিং ও গ্রাহকসেবার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। ফলে অনেক ব্যবহারকারীর চ্যাট তালিকায় ব্যবসায়িক বার্তার সংখ্যা বেড়েছে। মেটার মতে, এসব বার্তা আলাদা করলে ব্যক্তিগত চ্যাট খুঁজে পাওয়া সহজ হবে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতাও আরও উন্নত হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)