উত্তর আফ্রিকায় স্পেনের ছিটমহল সেউতায় চলমান সীমান্ত সংকটের জেরে মরক্কোয় প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ বাতিল করেছে বার্সেলোনা।
নতুন মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১৫ অগাস্ট উত্তর-পশ্চিম মরক্কোয় স্থানীয় দল ইত্তিহাদ রিয়াদি তাঞ্জিয়ারের মুখোমুখি হওয়ার কথা ছিল স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
কাতালান ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে বলেছে, “বর্তমান অনিশ্চয়তা ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এফসি বার্সেলোনা মনে করে যে, ম্যাচটি খেলা অনুচিত হবে।”
যদিও ক্লাবটি ম্যাচ বাতিলের কারণ নির্দিষ্ট করে জানায়নি। বিবিসি লিখেছে, তারা জানতে পেরেছে, এই সিদ্ধান্তটি উত্তর আফ্রিকার উপকূলে মরক্কোর সীমান্তবর্তী স্প্যানিশ ছিটমহল সেউতার পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত।
গত সপ্তাহে প্রায় ৭৮ হাজার অভিবাসী সমুদ্রপথে মরক্কো থেকে স্প্যানিশ ভূখণ্ডে প্রবেশ করে। এই ঘটনায় ১০০ জনের মৃত্যু হয় এবং সীমান্ত উন্মুক্ত থাকা ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) দেশগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
যদিও অধিকাংশ অভিবাসী ইতোমধ্যে মরক্কোয় ফিরে গেছেন, তবে তিন থেকে পাঁচ হাজার মানুষ এখনও সেউতায় রয়ে গেছেন।
এর আগে যুক্তরাজ্যে প্রাক-মৌসুম সফরে বার্মিংহ্যাম সিটির বিপক্ষে খেলার পর প্রেস্টনের বিপক্ষে প্রীতি ম্যাচও বাতিল করে বার্সেলোনা।
ইতালির উদিনে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাদের। ১৯ অগাস্ট তারা কাম্প নউয়ে মিশরের ক্লাব আল আহলিকেও আতিথ্য দেবে। আর ২৩ অগাস্ট এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে হান্সি ফ্লিকের দল।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)