
ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে আজ রবিবার (৯ আগস্ট) সকালে পালিত হলো “বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬”। পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস গঠনের লক্ষ্যে পরিবেশ সংরক্ষণ, সবুজ ক্যাম্পাস গঠন, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় বাস্তব প্রয়োগ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’। তারই ধারাবাহিকতায় টিডিএস কম্পাউন্ডে প্রায় শতাধিক ফলজ বৃক্ষ রোপণ করা হলো। আজ সকাল ১০ টায় এই কর্মসূচী পরিচালনা ও উদ্বোধন করেন ট্রাফিক স্কুলের প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।
তিনি বলেন, বাংলাদেশ সরকার বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের একমাত্র ট্রাফিক সম্পর্কিত বিশেষায়িত ট্রেনিং স্কুলে জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে ‘সবুজ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো বলেন বনভূমি ধ্বংস, কার্বন নিঃসরণ বৃদ্ধি, এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলে পৃথিবীর প্রাণবৈচিত্র্য আজ হুমকির মুখে। এই প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু একটি সৌন্দর্য বর্ধনের কাজ নয়, এটি জীবনের প্রতীক, পরিবেশ রক্ষার এক শক্তিশালী হাতিয়ার। প্রশিক্ষণ প্রধান ৩৭ তম নবায়ন কোর্সের পুলিশ সার্জেন্ট শিক্ষার্থী ও টিডিএস এর সকল কর্মকর্তা-সদস্যদের যার যার এলাকায় বৃক্ষ রোপণের তাগিদ ও পরিচর্চা করার আহবান জানান।
সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার এবং প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ হবার আহবান জানানো হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)