ইরানের সঙ্গে চলা সংঘাত অবসানের প্রচেষ্টায় ওমান যদি ‘বাধা হয়ে দাঁড়ায়’, তবে দেশটিতে বোমা হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার(১৭ আগস্ট) প্রায় ছয় মাস আগে শুরু হওয়া এই সংঘাতের সমাপ্তি টানার চেষ্টায় হিমশিম খাওয়ার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট এই হুমকি দিলেন।
ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো চুক্তির পথে ওমান যদি ‘বাধা হয়ে দাঁড়ায়’,তবে তিনি সেখানে ব্যাপক বোমাবর্ষণ করবেন। একইসঙ্গে তিনি ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানান।
মার্কিন প্রেসিডেন্ট দাবি করে আসছেন, শিগগিরই যুদ্ধ শেষ হয়ে আসবে। সাম্প্রতিক মাসগুলোতে তিনি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনার কথা জোর দিয়ে বলেছেন; তবে বাস্তবে এমন কোনো অগ্রগতি এখনো দেখা যায়নি। ইরানে হামলার পর থেকে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমান অবস্থিত। প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে দেশ দুটির মধ্যে আলোচনা চলছে।
এই নৌপথ দিয়ে ভবিষ্যতে জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই জানিয়েছিল, উভয় পক্ষ একটি যৌথ ঘোষণার বিষয়ে কাজ করছে। তবে ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর সময় তেহরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছিল। সমুদ্রপথটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
এর আগে মে মাসে মন্ত্রিসভার এক বৈঠকে প্রসঙ্গক্রমে প্রেসিডেন্ট হুমকি দিয়েছিলেন, ওমান যদি ‘সঠিক আচরণ’ না করে তবে তিনি দেশটিকে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।
সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)