
বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাটধারীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে চালক ও দুধ ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাত চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- নাটোর জেলার সিংড়া থানার গোয়ালবাতান গ্রামের সাদেক আলীর ছেলে দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩২) ও বগুড়া সদর উপজেলার হেলেঞ্চাপাড়ার মৃত মাহফুজুর রহমানের ছেলে পিকআপ চালক রেজুয়ান (৩৫)। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌছাতে দেরী হওয়ায় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়। দেড় ঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, নাটোরের সিংড়া থেকে দুধবোঝাই পিকআপটি শাহজাদপুর যাবার পথে পাটধারীতে পৌছলে বিপরীত থেকে আসা একটি রড বোঝাই ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপটির সম্মুখভাগ মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক রেজুয়ান মারা যায়। গুরুত্বর অবস্থায় দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৯টার দিকে সে মারা যায়। মরদেহ দুটি পরিবারের লোকের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। অন্যদিকে, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌছতে দেরী হওয়ায় স্থানীয়রা লাশ রাস্তায় রেখে মহাসড়ক অবরোধ করা মহাসড়কে দেড়ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। দেড়ঘন্টা পর পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)