কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের চেষ্টা,কোস্ট গার্ডের বিশেষ অভিযানেদুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে প্রবেশ করে। পরে বোটটি ফেলে চক্রের সদস্যরা পালিয়ে যায়।
পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি বিদেশি SVD Dragunov রাইফেল, একটি ৯ মিমি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ মোট ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গোলা, দুটি তাজা ও একটি ফাঁকা পিস্তলের গোলা এবং দুটি MA-1 রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)