প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৯:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৯, ২০২৬, ৮:২৪ পি.এম
কুড়িগ্রামে বাসের ধাক্কায় মাদ্রাসার ছাত্র নিহত

কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় নাহিদ হাসান (১৫) নামে এক মাদ্রাসার ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ছিনাই ইউনিয়নের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ হাসান লালমনিরহাটের খেদাবাগ এলাকার মাহবুব আলমের ছেলে। সে আব্দুল সোবহান ব্যাপারী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় সড়ক পার হচ্ছিল নাহিদ। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী ফাইভ স্টার পরিবহনের একটি বাস দ্রুতগতিতে তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে যায় সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বাবা মাহবুব আলম মঙ্গলবার রাতে রাজারহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘাতক বাসটি থানায় আটক রয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)