হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে সিনিয়র-জুনিয়রসহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে দুইদল শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা ও ভর্তি করা হয়েছে।
বুধবার দিবাগত মধ্যরাতে শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত হোস্টেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনা নিয়ে পুরো হোস্টেলে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে হোস্টেলে তাফসির ও শরীফ উদ্দিন নামে দুই শিক্ষার্থীর মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে কথা-কাটাকাটি হয়। তাদের মধ্যে পূর্ব থেকেই অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলে আসছিল। একপর্যায়ে তার দুই গ্রুপে বিভক্ত হয়ে লোহার রড, স্ট্যাম্পসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।
আহতরা হলেন, হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী তাসরিফ আহমেদ, শরীফ উদ্দিন, রায়হান রাজ, রজব সানি, ফারদিন ইফতি, সামি, রিয়াদ, আব্দুল্লাহ চৌধুরী, সামিউল আল আরিফ ও হুজাফ সৌমি প্রমুখ।
যদিও আহত একটি পক্ষের দাবি, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নয়, শিবিরের কয়েকজন শিক্ষার্থী হামলা চালিয়ে ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদের আহত করেছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)