ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হারিয়ে যাওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যে চার বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশু নাদিয়াকে উদ্ধার করে তার বাবার কোলে ফিরিয়ে দিয়েছে আনসার সদস্যরা।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলার ওয়েস্ট কেবিন থেকে নিখোঁজ হয় বরগুনা থেকে পরিবারের সঙ্গে চিকিৎসার জন্য আসা শিশু নাদিয়া।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা
মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
তিনি বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে ঢাকা মহানগর দক্ষিণ জোনের রমনা থানার ঢামেক হাসপাতালের কর্তব্যরত আনসার সদস্যরা। হাসপাতালের বিভিন্ন স্থানে ব্যাপক অনুসন্ধানের একপর্যায়ে ওয়েস্ট কেবিন থেকে কিছুটা দূরে নতুন ভবনের গ্লাস গেটের সামনে শিশুটিকে দেখতে পান আনসার সদস্য মো. খায়রুজ্জামান। পরে সেখান থেকে অক্ষত অবস্থায় নাদিয়াকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর শিশুটিকে তার বাবা মোবারক হোসেনের সামনে নিয়ে আসা হলে বাকপ্রতিবন্ধী নাদিয়া ইশারায় নিজের বাবাকে শনাক্ত করে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে যথাযথ যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার বাবার কোলে তুলে দেওয়া হয়।
হারানো সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত নাদিয়ার বাবা মোবারক হোসেন আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত সেবাগ্রহীতা ও হাসপাতাল কর্তৃপক্ষ আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক ভূমিকার প্রশংসা করেন।
আইনশৃঙ্খলা ও হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি হাসপাতালগুলোতে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা নিয়মিতভাবে এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। নাদিয়াকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ঘটনাটিও সেই দায়িত্বশীলতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)