বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা বাড়াতে দেশের দুটি উপজেলায় আধুনিক অফিস ভবন এবং ছয়টি জেলায় কর্মকর্তাদের জন্য আবাসন নির্মাণ করা হয়েছে। শনিবার এসব নবনির্মিত অবকাঠামোর উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (২২ আগস্ট) গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আনসার-ভিডিপি মহাপরিচালক বলেন, বাহিনীর সার্বিক সক্ষমতা বাড়ানোর ধারাবাহিকতায় এসব অবকাঠামো নির্মাণ একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক উদ্যোগ। নবনির্মিত স্থাপনাগুলো যথাযথভাবে ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করতে হবে।
তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে সুষ্ঠু অর্থনৈতিক চর্চা, চারিত্রিক ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান। একই সঙ্গে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মহাপরিচালক বলেন, আর্থিক শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত না হলে দেশ ও জাতির কল্যাণে বাহিনীর নির্ধারিত লক্ষ্য যথাযথভাবে অর্জন করা সম্ভব নয়। পারস্পরিক সহযোগিতা, নৈতিক মূল্যবোধ ও পেশাগত নিষ্ঠাকে গুরুত্ব দিয়ে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
তিনি বলেন, আধুনিক অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার ও সুশৃঙ্খল দাপ্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে মাঠপর্যায়ে বাহিনীর সেবা কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ে কর্মকর্তাদের কর্মপরিবেশ ও আবাসন সুবিধা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, যশোর, নীলফামারী, কুড়িগ্রাম ও লক্ষ্মীপুরে জেলা কমান্ড্যান্ট কার্যালয়ের কর্মকর্তাদের জন্য অফিসার্স আবাসন নির্মাণ করা হয়েছে।
এ ছাড়া তৃণমূল পর্যায়ে বাহিনীর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সেবার পরিধি বাড়াতে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও বগুড়ার ধুনট উপজেলায় তিনতলা ভিতবিশিষ্ট আধুনিক উপজেলা আনসার ও ভিডিপি অফিস ভবন নির্মাণ করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিকায়ন ও মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নবনির্মিত অফিস ভবন ও কর্মকর্তাদের আবাসন এসব কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ে বাহিনীর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)