ছোট ছেলের বয়স মাত্র সাত বছর। পাহাড়ে উঠতে গিয়ে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু বাবার তো পাহাড় জয়ের নেশা! তাই ছোট ছেলেকে পাহাড়ের মাঝপথেই রেখে বড় ছেলেকে নিয়ে চূড়ার দিকে ছুটলেন তিনি।
ঘটনাটি জাপানের বিখ্যাত মাউন্ট ফুজির। বৃহস্পতিবার হাইকিং রুটে একা বসে থাকতে দেখে পুলিশ ওই শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। শনিবার শিজুওকা অঞ্চলের এক পুলিশ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।
স্থানীয় এসবিএস টিভির খবর অনুযায়ী, ৬ হাজার ৫০০ ফুটের বেশি উচ্চতায় থাকা মাউন্ট ফুজির ষষ্ঠ স্টেশনে পৌঁছানোর পর ছেলেটি তার বাবাকে বলে যে সে খুব ক্লান্ত। ততক্ষণে তার বড় ভাই বেশ খানিকটা এগিয়ে গেছে। তখন বাবা ছোট ছেলেকে ‘এখানেই অপেক্ষা করো’ বলে বড় ছেলের পিছু নেন।
টিভি আসাহি জানিয়েছে, পাহাড়ি একটি কুঁড়েঘরের কর্মীরা ওই শিশুটিকে একা দেখে পুলিশকে খবর দেন। কর্মীরা জানান, শিশুটির পকেটে কোনো টাকা ছিল না। তার হাতে শুধু কিছু স্ন্যাকস এবং একটি কোমল পানীয় দিয়ে আট ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়েছিল।
খবর পেয়ে পুলিশ অষ্টম স্টেশনে থাকা বাবার সঙ্গে যোগাযোগ করে। পরে বাবা ফিরে এলে শিশুটিকে তার হাতে তুলে দেওয়া হয়। তবে ছোট একটি বাচ্চাকে এভাবে একা ফেলে যাওয়ায় পুলিশ ওই বাবাকে কড়া ভাষায় সতর্ক করেছে। ভুল বুঝতে পেরে ওই ব্যক্তি পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি স্বীকার করেছেন, এমন কাজ করা তার মোটেও ঠিক হয়নি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)