প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৬:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৬:২১ পি.এম
কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জের কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি বেকারি বিস্কুট ও পাউরুটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্য নিরাপত্তা বিধি যথাযথভাবে অনুসরণ না করার অভিযোগে এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সাতকয়া এলাকায় বিসমিল্লাহির বেকারি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া পরিচালিত অভিযানে বেকারি কারখানাটির উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থা, পরিচ্ছন্নতা, লাইসেন্স এবং খাদ্যপণ্যের মান যাচাই করা হয়।
অভিযানকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি ধরা পড়লে ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদন ও বিপণনে অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে থানা পুলিশ টিম,স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা আল মাহমুদ হোসেন সহযোগিতা করেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)