সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের সদর উপজেলার চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাদিয়া ইসলাম (১৯) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের এ দুর্ঘটনা ঘটে। নিহত নাদিয়া ইসলাম সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামের বাবুল আক্তারের মেয়ে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান জানান, হাটিকুমরুল থেকে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাটি শহরে আসার পথে চণ্ডীদাসগাঁতী বাজার এলাকায় পৌঁছলে সিএনজিটির অ্যাক্সেল ভেঙে যায়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। সংঘর্ষে সিএনজিটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজির চার যাত্রী গুরুতর আহত হয়। হতাহতদের উদ্ধার করে পরে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক নাদিয়া ইসলামকে মৃত ঘোষণা করেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)