শহরের ব্যস্ত সড়কের পাশে থাকা বিশাল ডিজিটাল স্ক্রিন ও বিলবোর্ডে সাধারণত দেখা যায় সিনেমার তারকা, জনপ্রিয় ব্যক্তিত্ব কিংবা নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন। তবে সেই চেনা দৃশ্যের বাইরে গিয়ে এবার ভিন্ন এক বার্তা দিচ্ছে চীন।
দেশটির বিভিন্ন শহরের জনবহুল এলাকা, মেট্রো স্টেশন ও ডিজিটাল বিলবোর্ডে জায়গা করে নিয়েছেন খ্যাতিমান বিজ্ঞানীরা। তাঁদের ছবি ও অবদানের কথা তুলে ধরে তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গবেষণার প্রতি আগ্রহী করে তুলতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।
হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি মেট্রো স্টেশনে মহাকাশ ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অন্যতম পথিকৃৎ ছিয়েন শুয়েসেন এবং পরমাণু বিজ্ঞানী দেং চিয়াসিয়েনের বিশাল পোস্টার টানানো হয়েছে। একইভাবে বিভিন্ন শহরের জনপরিসরে দেখা যাচ্ছে সংকর ধান প্রযুক্তির পথিকৃৎ ইউয়ান লংপিং এবং আর্টেমিসিনিন আবিষ্কারক নোবেলজয়ী বিজ্ঞানী তু ইউইউয়ের ছবিও।
জানা গেছে, বিজ্ঞানীদের এমনভাবে জনসম্মুখে তুলে ধরার উদ্যোগের শুরু শানডং প্রদেশে। পরে তা হেনান, আনহুই, ইনার মঙ্গোলিয়া, জিয়াংসি-সহ চীনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।
এই প্রচারণার মূল কারণ হলো বিজ্ঞানীদের অসামান্য অবদান সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তরুণ প্রজন্মের সামনে তাঁদের জাতীয় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে জনপ্রিয় সংস্কৃতির তারকাদের পাশাপাশি বিজ্ঞানীদেরও যেন তরুণরা অনুসরণীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করে, সে লক্ষ্যেই নেয়া হয়েছে এ উদ্যোগ।
চীনে বিজ্ঞানী ও গবেষকদের সম্মান জানানোর সংস্কৃতি নতুন নয়। তবে সাধারণত বাণিজ্যিক বিজ্ঞাপন ও বিনোদন জগতের তারকাদের জন্য ব্যবহৃত ব্যয়বহুল বিলবোর্ডে বিজ্ঞানীদের ছবি তুলে ধরার এই উদ্যোগ ব্যতিক্রমী। ফলে বিষয়টি আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি করেছে। সূত্র: পিপলস ডেইলি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)