প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৬, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৬, ৫:১৯ পি.এম
কাজিপুরে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর সোমবার বিদ্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীর অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ মোতাহার হোসেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ ওয়াহীদুজ্জামান মিনু। তিনি বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পাশাপাশি তাকে সুশৃঙ্খল, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছে কি না, পড়াশোনায় মনোযোগী হচ্ছে কি না এবং তাদের আচরণ ও চলাফেরার বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানানো হয়।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শুধু শ্রেণিকক্ষে পাঠদান যথেষ্ট নয়; খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক, বিজ্ঞানচর্চাসহ সহশিক্ষা কার্যক্রমেও তাদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তির অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পরীক্ষার ফলাফল ভালো করা, বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগের বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরামর্শ তুলে ধরা হয়।
অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেয় অভিভাবক মোঃ রিপন মিয়া,সবুজ মন্ডল প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)