ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরে প্রতিকার চেয়ে স্থানীয় থানায় অভিযোগও করেছেন তিনি।
স্থানীয় সময় সোমবার রাতে ভেনিসে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে জানান তিনি।
তার অভিযোগ, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতাকর্মী এ ঘটনা ঘটিয়েছেন।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগকর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন। এ ছাড়া বাঁধনের ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।
ঘটনার সময় তার ভাইয়ের ছোট সন্তানও সঙ্গে ছিল জানিয়ে বাঁধন বলেন, হামলার ঘটনায় শিশুটি ভয় পেয়ে চিৎকার করছিল।
তার ফোন কেড়ে নিয়ে ফেলে দেওয়া এবং কানের পাশে আঘাত করারও অভিযোগ করেন এই অভিনেত্রী।
তিনি বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে অভিহিত করেছে। এর জবাবে তিনি বলেন, ‘আমি অবশ্যই জুলাইযোদ্ধা। জুলাইয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি।’
হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছিল দাবি করে বাঁধন আরো বলেন, তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলা হয়। এ সময় তারা ঘটনাটি ভিডিও ধারণ ও লাইভ করছিল বলেও অভিযোগ করেন তিনি।
ঘটনার ভয়াবহতা তুলে ধরে বাঁধন জানান, ‘ইতালির একটি স্থানীয় পার্কে তিনি তার ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একদল ব্যক্তি হুট করে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে কোল্ড ড্রিংকস (কোক) ও ডিম ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। তা ছাড়া তার হাত থেকে মোবাইল ফোনও কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়া হয়।’
অভিনেত্রী বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা আজ সারাবিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
উল্লেখ্য, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রে অবস্থান করছেন বাঁধন।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)