চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক হাজীগঞ্জ পৌরসভাধীন ট্রাক রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন খাদ্য দ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ, ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বাজারজাতকারী প্রতিষ্ঠানের খাদ্য দ্রব্য সংরক্ষণ ও বিক্রয় এবং অনুমোদনবিহীন নিম্নমানের খাদ্য বিক্রয়ের অপরাধে মা মনিহারি স্টোরকে ৫ হাজার, আলবি প্যাকেজিং হাউজকে ৫ হাজার, আরা বিস্কুট হাউজকে ৫ হাজার এবং বিদেশি পণ্য আমদানি কারকের স্টিকার না থাকায় সোহেল সাজ স্টোরকে ৫ হাজার টাকা সহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।
এসময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনা মূলক লিফলেট বিতরণ করা হয়।
হাজীগঞ্জ উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: জসিম উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক : সোহেল রানা সম্পাদক: আব্দুস সামাদ সায়েম
©২০১৫-২০২৫ সর্বস্ত্ব সংরক্ষিত । তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধনকৃত (নিবন্ধন নং-২১০)